‘সাইবার ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা অর্জিত হয়েছে’
ডিজিটাল দুনিয়া অনেক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এই জগতে সবলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেছেন, ইন্টারনেট হচ্ছে জ্ঞান ভাণ্ডার, তবে ইন্টারনেট নিরাপদ রাখতে সতর্ক থাকতে হবে। ডিজিটাল দুনিয়া অনেক ঝুঁকিপূর্ণ। সেদিক ভেবেই সতর্ক থাকতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন ও রেসপন্স প্রকল্প আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ ডিজিটার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান মন্ত্রী।
মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধে সাইবার থ্রেট ডিটেকশন ও রেসপন্স প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। ইতিমধ্যেই যুগপোযোগী ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে।
এসময় তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ২২ হাজার পর্ন সাইট এবং ২ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। গুজবসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিহত করা হয়েছে। আর এ বিষেয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সচেষ্ট বলে সাইবার নৈরাজ্য আরও বাড়তো।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসিনুল আলম এবং প্রকল্প পরিচালক ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বক্তৃতা করেন।